নির্মল দাশের গল্পে জীবনের টানাপোড়েন : একটি নিবিড় পাঠ
Keywords:
- ত্রিপুরা,
- জীবনবোধ,
- জীবনশৈলী,
- অস্তিত্ব,
- টানাপোড়েন
Abstract
ত্রিপুরায় সাহিত্য নিয়ে যারা দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছেন, তাঁদের মধ্যে অন্যতম একজন প্রতিভাধর লেখক হলেন ড. নির্মল দাশ। পেশায় তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হলেও, ব্যস্ততার ফাঁকে উত্তর পূর্বাঞ্চলের সাহিত্যচর্চা নিয়েই পড়ে থাকেন। তিনি বিশেষত ত্রিপুরার মাটি, মানুষ ও সংস্কৃতিকে অবলম্বন করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তিনি মূলত প্রাবন্ধিক, উত্তরপূর্বাঞ্চলের হাতে গোনা কয়েকজন লোকস্কৃতি গবেষকদের মধ্যে তিনি অন্যতম। সময়ের ধারার সঙ্গে চলতে গিয়ে তিনি ত্রিপুরার প্রকৃতি, জীবনশৈলী ও সমাজ ব্যবস্থাকে গভীরভাবে পর্যালোচনা করেছেন, যার প্রমাণ তাঁর বহু সাহিত্য নিষ্ঠ প্রবন্ধগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পাশাপাশি তাঁর ছোটগল্পগুলি পড়লেও পার্বত্য ত্রিপুরার বৈচিত্র্যময় পরিবেশ ও জীবনবোধকে অনুভব করা যায়। তাঁর ছোটগল্পে ঘটনার ঘনঘটার জোর তেমন না থাকলেও একটি পরিকল্পিত দ্বন্দ্ব রয়েছে, যার ফলে পাঠকও জীবনের টানাপোড়েনের সঙ্গে গল্পের টানাপোড়েনের অনুসন্ধানে সচেতনভাবে গল্পপাঠে আকৃষ্ট হয়ে পড়েন।
নির্মল দাশের গল্পপাঠে একটি সহজ সরলাতার আভাস পরিলক্ষত হয়। বাস্তব ঘটনার সমাহারে কাহিনিগুলি তার পরিচিত গণ্ডীর ভেতরে থেকেও স্বতন্ত্র ও স্বাভাবিক। মানুষের নানা সমস্যা ও জটিলতাকে তিনি খুব নিবিড়তার সঙ্গে গল্পে বর্ণনা করেছেন। তাঁর গল্পে বিচিত্র কাহিনির সমাবেশে চরিত্রগুলি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গিয়ে প্রায়শই প্রতিকূলতার বিরুদ্ধে একপ্রকার লড়াই করেছে, তাতে সর্বদা জয়ী হতে না পারলেও তারা ভেঙে পড়েনি। এই লড়াইয়ের মধ্যেও তাদের ইতিবাচক মানসিকতার স্বরূপটি প্রকাশিত হয়েছে, কেননা এদের লড়াই ছিল সমাজের মহাশক্তিধর বিবেকহীনদের বিরুদ্ধে অথবা রূঢ় বাস্তবতার বিরুদ্ধে। প্রকৃতপক্ষে গল্পকারের সদর্থক ভাবনা ও সময়ের প্রবাহে বিবর্তিত জীবনের নানা পর্যায়কে তিনি যেভাবে দেখে এসেছেন, তাকে সেভাবেই লিখে চলেছেন।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য্য, শিল্প ও সংস্কৃতি পর্যটকদের বরাবরই আকর্ষণ করে আসছে। সেইসঙ্গে এখানকার মাটি ও মানুষের ইতিহাস এবং সাহিত্য পর্যবেক্ষণ গতিময় ও সৃষ্টিশীল। স্বাধীনতা আন্দোলনের উত্তাপ, বঙ্গভঙ্গের আঘাত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চাপানউতোর, আশি সালের দাঙ্গার দাগ, বিচ্ছিন্ন উগ্রপন্থার কালোদিনের সেই সব দাগ এখনো স্থানীয়দের নস্টালজিক করে তুলে। এত কিছুর পরেও ত্রিপুরাবাসী তার নিজস্বতা হারায়নি। ত্রিপুরা ভবিষ্যৎ পরিকল্পনায় আজও ভ্রাতৃত্ববোধ, আপ্যায়ন ও রুচিশীল সাহিত্য-শিল্পচর্চার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ড. নির্মল দাশের গল্পগুলির ভেতরেও এই সব লড়াকু মানুষদের জীবন যন্ত্রণার কথা, বিশেষত গ্রামীণ মানুষদের সরলতা, ধর্ম বিশ্বাসের কথা, শহরের অনৈতিক কর্মকাণ্ড, তাদের মূল্যবোধহীন চলাফেরা, সমাজের বিভিন্নস্তরে ঘটমান ষড়যন্ত্রের পরও তাদের টিকে থাকার কথা উঠে এসেছে। আলোচ্য প্রবন্ধটি বর্ণনামূলক ও বিশ্লেষণাত্মক পদ্ধতিতে লেখকের নির্বাচিত কয়েকটি গল্প অবলম্বনে লেখা।
Downloads
References
১. দাশ নির্মল : বিবর্ণ সময়ের কথা, ত্রিপুরা বাণী প্রকাশনী, আগরতলা, প্রথম প্রকাশ, জানুয়ারী, ২০১৬,
পৃ. ৩৮
২. ঐ, পৃ. ৭
৩. ঐ, পৃ. ৯
৪. ঐ, পৃ. ১৫
৫. ঐ, পৃ. ৬২
৬. ঐ, পৃ. ৭৮

