চণ্ডীদাসের রাধা তারাশঙ্করের রাধা : একটি তুলনামূলক পর্যালোচনা
Keywords:
- ‘ত্রিপত্র’,
- বেঙ্গল লাইব্রেরী,
- গ্রন্থনির্মাণ ও মুদ্রণসংস্কৃতি,
- ঘাটের কথা,
- পাষাণের প্রতি,
- মুগ্ধবাণী,
- কথাসাহিত্য
Abstract
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি মাত্র কাব্যগ্রন্থ; নাম—‘ত্রিপত্র’। বইটিতে প্রকাশকালের কোনো উল্লেখ নেই। বেঙ্গল লাইব্রেরীর মুদ্রিত পুস্তকের তালিকা অনুযায়ী গ্রন্থটি ১৫ ফেব্রুয়ারি ১৯২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ষাট পৃষ্ঠার গ্রন্থ। মূল্য ছিল ছ’ আনা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল নাট্যকার নির্মলশিব বন্দ্যোপাধ্যায়কে। এই কাব্যগ্রন্থটি আসলে বাংলা কবিতার রেডবুক। মজা করে বলছি। আসলে কাব্যগ্রন্থটি লাল কালিতে ছাপা হয়েছিল। বর্তমানে মূলত লাল কালিতে ছাপা হয় কিছু বটতলার বই; দেব-দেবীর পাঁচালি বিষয়ক। এই বিষয়টির মাধ্যমে আমরা নিশ্চয় বুঝতে পারছি যুবক তারাশঙ্করের আগ্রহের অন্যতম বিষয় ছিল গ্রন্থনির্মাণ ও মুদ্রণসংস্কৃতি। এই কাব্যটি তিনটি অধ্যায় বা পত্রে বিভক্ত। আমরা ধরে নিতে পারি যে এই কাব্যগ্রন্থের কবিতাগুলি তারাশঙ্করের পনেরো থেকে আটাশ বছর বয়সের মধ্যে লেখা। দ্বিতীয় পত্রের নাম কবি রেখেছেন—‘মর্মবাণী’। স্বভাবতই আমরা বুঝতে পারছি গোপন হৃদয়ের ব্যথা ও কথা ধ্বনিত হবে এই অধ্যায়ে। ‘মর্মবাণী’ অধ্যায়ে কবি লিখেছেন বিশুদ্ধ কিছু প্রেম ও বিরহের কবিতা। এক্ষেত্রে রূপক চরিত্র হিসাবে কবি গ্রহণ করেছেন রাধা-কৃষ্ণের প্রেমকে। কবি আশ্রয় করেছেন শ্রীমতী রাধিকার বয়ান। এই অধ্যায়ের বেশিরভাগ কবিতাতেই শ্রীমতীকে ভবন বিরহে অবস্থান করতে দেখি। ‘‘নিশীথে’’ কবিতায় আমরা দেখি রজনীর কালো মেঘ দেখে রাধিকার কৃষ্ণের কথা মনে পড়ছে। তাঁর চোখে নিদ্রা নেই। অনেক মিনতির পর যখন মেঘ থেকে বৃষ্টি হল তখন শান্ত হল ধরণী। ধরণীরূপ রাধিকারও যেন মিলনতৃষ্ণা প্রশমিত হল। রাধার কৃষ্ণের প্রতি কোনো দোষারোপ নেই। কৃষ্ণ হয়ত ছলনা করে ঘুমের মধ্যে রাধিকাকে একা রেখে ত্যাগ করে চলে গেছে তবু রাধিকার কোনো অভিযোগ নেই। ‘‘বাঞ্ছিত’’ কবিতায় আমরা দেখতে পাচ্ছি রাধিকা বলছেন তিনি যে কৃষ্ণ মন্ত্র পেয়েছেন তাতেই খুশি। তিনি কৃষ্ণ ভজনা করেই তৃপ্ত থাকতে চান। এই কৃষ্ণ ভজনার মাধ্যমেই কৃষ্ণের অস্তিত্ব টের পাবেন এই আশায় রয়েছেন শ্রীমতী। তারাশঙ্করের প্রথম পর্বের কবিতাতে রয়েছে বর্ণনার প্রাধান্য। অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োগ আমরা সেখানে লক্ষ্য করি। মধ্যপর্বের কবিতা আসলে নব-বৈষ্ণব পদাবলি। অর্থের শব্দ, অতি পর্ব এবং কলাবৃত্ত ছন্দের প্রয়োগ এই পর্বে অতি নিপুণভাবে করেছেন কবি। চণ্ডীদাসের রাধা জানেন কৃষ্ণ ছাড়া তার কোনো গতি নেই। ওঁর ইহকাল, পরকাল সব কৃষ্ণে সমর্পিত। সে তুলনায় আমাদের মনে হয় তারাশঙ্করের রাধা অতি-স্পষ্টবাদী। হবেই বা না কেন। মনে রাখতে হবে আধুনিকতার মূল বৈশিষ্ট্য প্রশ্ন করা। যেটা বারেবারে করতে পেরেছেন তারাশঙ্করের রাধা। সে তুলনায় চণ্ডীদাসের রাধা আজীবন করেছেন ত্যাগ ও সমর্পণ। অবশ্য এটাও তো অস্বীকার করবার নয় রাধাকৃষ্ণের প্রেম, বিরহকে আধুনিক কাব্যের বিষয় করবার সময় নিশ্চয় সহৃদয় কবির মননে ছিল চণ্ডীদাসের পদব্যঞ্জনাই।
Downloads
References
১. কয়াল অক্ষয়কুমার সম্পাদিত, শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত , ভারবি, কলকাতা, মাঘ ১৪০৪ বঙ্গাব্দ, পৃ. ৪৫৮
২. মুখোপাধ্যায় সুখময়, রাণা সুমঙ্গল সম্পাদিত, চৈতন্যমঙ্গল, জয়ানন্দ বিরচিত, বাংলা বিভাগ ও গবেষণা প্রকাশন বিভাগ, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ভাদ্র ১৪০১ বঙ্গাব্দ, পৃ. ৩
৩. শাশমল পশুপতি, আচার্য বুদ্ধদেব সম্পাদিত, বাংলা পুথি ও তার রচয়িতার নাম, বাংলা বিভাগ ও গবেষণা প্রকাশন বিভাগ, বিশ্বভারতী, শান্তিনিকেতন, চৈত্র ১৩৯০ বঙ্গাব্দ, পৃ. ১৫
৪. সাহিত্য-সংহিতা, সপ্তম খণ্ড, নবম সংখ্যা, পৌষ ১৩১৩, সম্পাদক: শ্রীনৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন, সহযোগী সম্পাদক: সুবলচন্দ্র মিত্র, সাহিত্য-সভা, ১০৬/১ গ্রে ষ্ট্রীট, কলিকাতা, পৃ. ৫৪৩
৫. চৌধুরী ভূদেব, বাংলা সাহিত্যের ইতিকথা, প্রথম পর্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, প্রথম দে’জ সংস্করণ, অগ্রহায়ণ ১৩৮৫ বঙ্গাব্দ, পৃ. ১৭৫
৬. বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর, ত্রিপত্র, ইকনমিক্যাল প্রেস, কলিকাতা, প্রথম প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি ১৯২৬
৭. ভট্টাচার্য্য অসীম, চৌধুরী বিষ্ণুপদ সম্পাদিত, চণ্ডীদাস ও চণ্ডীদাস নানুর, নানুর রামী-চণ্ডীদাস স্মরণ ধর্মসভা, বীরভূম, প্রথম প্রকাশ, মহালয়া ১৪২২, পৃ. ১৮৭
৮. মিত্র খগেন্দ্রনাথ, সেন সুকুমার, চৌধুরী বিশ্বপতি, চক্রবর্ত্তী শ্যামাপদ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২০১১, পৃ. ৫৯
৯. বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর, ত্রিপত্র, ইকনমিক্যাল প্রেস, কলিকাতা, প্রথম প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি ১৯২৬
১০. গিরি সত্য, বৈষ্ণব পদাবলী, রত্নাবলী, কলকাতা, তৃতীয় সংস্করণ, ফাল্গুন ১৪১৬, পৃ. ৩১১
১১. বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর, ত্রিপত্র, ইকনমিক্যাল প্রেস, কলিকাতা, প্রথম প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি ১৯২৬
১২. তদেব
১৩. তদেব
১৪. ভট্টাচার্য্য অসীম, চৌধুরী বিষ্ণুপদ সম্পাদিত, চণ্ডীদাস ও চণ্ডীদাস নানুর, নানুর রামী-চণ্ডীদাস স্মরণ ধর্মসভা, বীরভূম, প্রথম প্রকাশ, মহালয়া ১৪২২, পৃ. ১৯১
১৫. তদেব
১৬. বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর, ত্রিপত্র, ইকনমিক্যাল প্রেস, কলিকাতা, প্রথম প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি ১৯২৬
১৭. তদেব
১৮. ভট্টাচার্য্য অসীম, চৌধুরী বিষ্ণুপদ সম্পাদিত, চণ্ডীদাস ও চণ্ডীদাস নানুর, নানুর রামী-চণ্ডীদাস স্মরণ ধর্মসভা, বীরভূম, প্রথম প্রকাশ, মহালয়া ১৪২২, পৃ. ১৯৩
১৯. মিত্র খগেন্দ্রনাথ, সেন সুকুমার, চৌধুরী বিশ্বপতি, চক্রবর্ত্তী শ্যামাপদ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২০১১, পৃ. ৮২

